টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিতর্ক থামছেই না। পাকিস্তান বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানালেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে না খেলার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই আবহেই বাংলাদেশের বিশ্বকাপে না খেলা প্রসঙ্গ উঠল অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের সামনে। তবে এ বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি।
পাকিস্তান–অস্ট্রেলিয়া তৃতীয় টি–টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন করা হয় মার্শকে। জবাবে অস্ট্রেলিয়া অধিনায়ক স্পষ্ট করে দেন, চলমান বিতর্কে তিনি জড়াতে চান না। তাঁর মতে, এ বিষয়ে মন্তব্য করার কিছু নেই। দলের লক্ষ্য বিশ্বকাপ, সেটিতেই মনোযোগ রাখতে চান তাঁরা।
একই ব্রিফিংয়ে বাংলাদেশের বিশ্বকাপে না খেলা নিয়েও জানতে চাওয়া হলে একই অবস্থান নেন মার্শ। বলেন, অস্ট্রেলিয়া দল হিসেবে তাঁদের লক্ষ্য বিশ্বকাপ জেতা। নিরাপত্তা ও আয়োজন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর আস্থা রাখছেন বলেও জানান তিনি। রাজনৈতিক বা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অজি অধিনায়ক।
এর আগে পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানায়, বিশ্বকাপে দল অংশ নেবে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। সিদ্ধান্তের কারণ আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করা হয়নি। কিন্তু ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে বিপুল সম্প্রচারস্বত্ব ও বাণিজ্যিক স্বার্থ জড়িত থাকায় বিষয়টি আইসিসির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে মাঠের লড়াইয়ে পাকিস্তানের কাছে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় টি–টোয়েন্টিতে ১১১ রানের বড় ব্যবধানে হেরে ৩–০ ব্যবধানে সিরিজ শেষ করেছে সফরকারীরা। প্রথম দুই ম্যাচেই সিরিজ খোয়ানো নিশ্চিত হয়েছিল তাদের। শেষ ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি মার্শের দল। ২০১৮ সালে সর্বশেষ সিরিজ জিতেছিল পাকিস্তান। সাত বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল পাকিস্তান। যা তাদেরকে বিশ্বকাপ যাত্রার আগে স্বাভাবিকভাবেই বাড়তি আত্নবিশ্বাস দিবে।
ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি২৬/টিএ
