Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে যা জানাল আইসিসি

ICC
বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা(আইসিসি)। ছবি: সংগৃহীত

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে নতুন করে বিতর্কে পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়ে পাকিস্তান সরকারের বেছে বেছে অংশ নেওয়ার সিদ্ধান্তের খবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নজরে এসেছে। তবে এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা চিঠি পায়নি সংস্থাটি।

আইসিসি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা সন্তুষ্ট নয়। একটি বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলের জন্য একই নিয়ম প্রযোজ্য এই অবস্থানেই অনড় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাদের মতে, নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক ভারসাম্য ও কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।

এক বিবৃতিতে আইসিসি বলেছে, সদস্য দেশের সরকারি নীতির প্রতি তারা শ্রদ্ধাশীল। তবে কোনো দল যদি নির্বাচিত কিছু ম্যাচে অংশ নেয় আর কিছু ম্যাচ এড়িয়ে চলে, সেটি বিশ্বকাপের মতো প্রতিযোগিতার ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতার ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে যে আগ্রহ তৈরি হয়, সেই প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত কোটি কোটি সমর্থকের জন্য হতাশার কারণ হতে পারে বলেও মনে করছে সংস্থাটি।



আইসিসির আরেকটি উদ্বেগের জায়গা হলো দীর্ঘমেয়াদি প্রভাব। সংস্থাটির ভাষ্য মতে, পিসিবি বিশ্ব ক্রিকেট কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এমন অবস্থান পাকিস্তান ক্রিকেটের প্রশাসনিক ও ক্রীড়া স্বার্থ দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টে পাকিস্তানের মত দেশ যদি এমন সিদ্ধান্ত নেয় তবে সেটা দীর্ঘমেয়াদে ক্রিকেটের উপর নেতিবাচক প্রভাব পড়বে।

তবে সংকট সমাধানে এখনো দরজা খোলা রেখেছে আইসিসি। সংস্থাটি জানিয়েছে, সফলভাবে বিশ্বকাপ আয়োজনই তাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য সামনে রেখে পিসিবির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। ক্রিকেটের স্বার্থ রক্ষায় গ্রহণযোগ্য সমাধানই শেষ পর্যন্ত প্রত্যাশা আইসিসির।

উল্লেখ্য, ঘটনার শুরু মূলত নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে। বাংলাদেশের পরিবর্তে  স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি। বাংলাদেশকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে আসছিল পাকিস্তান। খেলোয়াড়দের সাথে এক দফা বৈঠকও করেছেন পিসিবি প্রধান, সেখানে বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্বকাপ বয়কটে রাজি আছেন বলে জানিয়েছিলেন দলের খেলোয়াড়েরা।

ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট