Connect with us
ফুটবল

সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

ক্রিকেট টানাপোড়েনের মধ্যেই ফুটবলে মুখোমুখি বাংলাদেশ-ভারত

Ban vs ind
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল বনাম ভারত অনূর্ধ্ব ১৯ নারী দল। ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ-ভারতের ক্রিকেটে বৈরিতা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। দুই দেশের সম্পর্কের সর্বশেষ টানাপোড়েনের প্রেক্ষাপটে সোমবার ফুটবলে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। তবে ভেন্যু না ঢাকা, না দিল্লি লড়াইটি হবে নেপালের পোখারায়, সাফ নারী অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপে।

টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তের পর ক্রিকেট অঙ্গনে দুই দেশের আলোচনাই এখন উত্তপ্ত। সেই আবহেই ফুটবলের মঞ্চে দেখা হচ্ছে দুই প্রতিবেশীর। বয়সভিত্তিক এই টুর্নামেন্ট হলেও প্রতিদ্বন্দ্বিতার রেশ একেবারে সিনিয়র পর্যায়ের মতোই।

৩১ জানুয়ারি শুরু হওয়া চার দলের এই আসরে নিজেদের প্রথম ম্যাচেই শক্ত অবস্থান নিয়েছে দুই দল। বাংলাদেশ ১২–০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। ভারতও পিছিয়ে ছিল না। স্বাগতিক নেপালকে ১–০ গোলে হারিয়ে শুরু করেছে অভিযান। ফলে লিগ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হয়ে উঠেছে সোমবারের এই মুখোমুখি।



বর্তমানে বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন। ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত। পরে ফাইনালে ১–১ সমতার পর টাইব্রেকারে ১১–১১ গোলেও নিষ্পত্তি হয়নি শিরোপা। দীর্ঘ নাটকীয়তার পর দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে সাফ। সেই স্মৃতি পুরোনো হতে না হতেই আবার মুখোমুখি ভারত-বাংলাদেশ।

এবারের টুর্নামেন্ট লিগ ভিত্তিক। শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ ও ভারত দু’দলই ফাইনালের পথে এগিয়ে আছে। তাই সোমবার দুপুর ১২টার লড়াই শুধু পয়েন্টের হিসাব নয়, সম্ভাব্য ফাইনালের আগে শক্তি যাচাইয়েরও মঞ্চ।

এদিকে ক্রিকেট নিয়ে ঘটনার শুরু আইপিএলকে ঘিরে। কলকাতা নাইট রাইডার্স হঠাৎ করেই মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে ছেড়ে দেয়।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অনীহা প্রকাশ করে। তাদের প্রস্তাব ছিল ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু, বিশেষ করে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। আইসিসি একাধিক বৈঠক ও নিরাপত্তা মূল্যায়নের পর সেই অনুরোধ নাকচ করে দেয়। বিসিবিকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয় সিদ্ধান্ত জানানোর জন্য। শেষ পর্যন্ত বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেয় যা আইসিসি ইভেন্টে কোনো দলের সরে দাঁড়ানোর বিরল নজির। এরপরই মূলত সুযোগ পায় স্কটল্যান্ড।

তবে ক্রিকেটে বৈরিতা থাকলেও ফুটবলে দুই দল মুখোমুখি হচ্ছে আগামীকাল। তাই এই ম্যাচ ঘিরে সকল ক্রীড়াপ্রেমীদের আলাদা নজর থাকবে।

ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল