Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব

শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বটা অপরাজিত থেকেই শেষ করল বাংলাদেশ। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা সপ্তম জয় তুলে নিল বাঘিনীরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নেদারল্যান্ডস। প্রথম চার ব্যাটারের কেউই ৪ রানের বেশি করতে পারেননি। চাপে পড়ে যায় ডাচরা। পরে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন রবিন রিজকি ও সানিয়া খুরানা। রিজকি ৪৫ বলে ৩৯ এবং খুরানা ৩৭ বলে ৪৩ রান করেন। তাদের জুটিতেই দলীয় সংগ্রহ একশ পেরোয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রান তোলে নেদারল্যান্ডস।

বাংলাদেশের বোলাররা ছিলেন নিয়ন্ত্রিত। নাহিদা আক্তার ১০ রানে ৩ উইকেট নিয়ে মাঝের ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।



১০৩ রানের লক্ষ্য খুব বড় ছিল না, তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। ৪ রানে ফেরেন দিলারা আক্তার, আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসও দ্রুত আউট হন। শারমিন আক্তার সুপ্তা ২৮ বলে ১৩ রান করে বিদায় নিলে কিছুটা চাপে পড়ে দল।

সেখান থেকে হাল ধরেন অধিনায়ক জ্যোতি ও সোবহানা মোস্তারি। দুজনের ৫৭ রানের জুটিতে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। জ্যোতি ৪৪ বলে ৭ চারে ৫০ রান করে দায়িত্বশীল ইনিংস খেলেন। সোবহানা ২৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। ২০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাছাইপর্বে টানা সাত জয়ে চ্যাম্পিয়ন হওয়া এই সাফল্য দলটির জন্য বড় আত্মবিশ্বাসের জায়গা হয়ে থাকবে।

উল্লেখ্য, আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে বসবে মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপ। মূল আসরে সরাসরি জায়গা না পেলেও বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আত্মবিশ্বাস নিয়ে ফিরছে বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শেষ করা এই অভিযান দলটির জন্য বড় ইতিবাচক বার্তা হয়ে থাকল।

ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট