
সিলেটের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ১২ রানের জয় পায় রাজশাহী। রাজশাহী ওয়ারিয়র্সের ফাইনাল নিশ্চিত হওয়া ম্যাচটিতে অনেক আলোচনার কেন্দ্র ছিল পারভেজ ইমনের রানআউট। তবে রাজশাহীর ডাগআউট থেকে ম্যাচের চিত্রটা দেখা হয়েছে আরেকভাবে। তাদের মতে, কেইন উইলিয়ামসনের ইনিংসই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে।
মিরপুরে আগে ব্যাট করে রাজশাহী যখন দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে, তখন ক্রিজে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। ৩৮ বলে ৪৫ রান সংখ্যাটা বড় নয়, কিন্তু পরিস্থিতি বিবেচনায় ইনিংসটি ছিল গুরুত্বপূর্ণ। একপ্রান্ত ধরে রেখে তিনি দলকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকার বলেন, ব্যাটিং দৃষ্টিকোণ থেকে উইলিয়ামসনের ইনিংসই পার্থক্য তৈরি করেছে। তাঁর মতে, ও যেভাবে মাথা ঠান্ডা রেখে খেলেছে, সেটাই আমাদের বড় টার্নিং পয়েন্ট।”
উইলিয়ামসনকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শুরুতে প্রশ্ন ছিল এ কথাও স্বীকার করেছেন হান্নান। তিনি জানান, দল উপরের দিকে কিছুটা সংগ্রাম করছিল। যেজন্য অভিজ্ঞ কাউকে প্রয়োজন ছিল। সেই ভাবনা থেকেই সুযোগ পেয়ে উইলিয়ামসনকে দলে টানা হয়। “আমরা যে কারণে তাকে নিয়েছি, পরে দেখা গেছে, সে জায়গাটা ঠিক ছিল।
দল গঠনের প্রসঙ্গেও কথা বলেছেন রাজশাহীর কোচ। এবারের বিপিএলে নিলাম শুরুর আগেই সরাসরি চুক্তিতে শ্রীলঙ্কার বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দোকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। হান্নান জানান, বিদেশি পেসার নেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। দেশীয় বাঁহাতি পেসারদের মুস্তাফিজ ও শরিফুল ছাড়া প্রতিদ্বন্দ্বী করার মত ওইরকম বাঁহাতি পেসার ছিল না। ফলে সবকিছু বিবেচনায় রেখেই বিনুরাকে অগ্রাধিকার দেওয়া হয়।
নিলামের পর দল সাজানো নিয়ে প্রশংসা কুড়িয়েছে রাজশাহী। তবে এই কৃতিত্ব একা নিতে চান না কোচ। তিনি বলেন, টিম অপারেশন্সের দায়িত্বে থাকা হাসান মাহাদি ও অম্লানসহ একটি দলগত পরিকল্পনার ভিত্তিতেই স্কোয়াড গড়া হয়েছে। বিদেশি সাইনিংয়েও একাধিক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৬/টিএ























