Connect with us
ক্রিকেট

খালেদের আউট টার্নিং পয়েন্ট ছিল: সিলেট কোচ

কোচ সোহেল ইসলাম। ছবি: সংগৃহীত

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হারের পেছনে শুধু উইকেট নয়, কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে এমনটাই মনে করছেন সিলেট টাইটান্সের কোচ সোহেল ইসলাম। গতকাল বুধবার ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানে হেরে যায় সিলেট, শেষ হয় ফাইনালের স্বপ্নও।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহেল ইসলাম স্পষ্ট করে বলেন, রাজশাহীর দেওয়া রান তাড়া করার মতোই ছিল। তার মতে, সাম্প্রতিক ম্যাচগুলোর তুলনায় এদিন উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ সহায়ক ছিল। তিনি বলেন, “আমার কাছে মনে হয়েছে আজকের উইকেটটা ভালো ছিল। ব্যাটসম্যানদের জন্য সহায়ক ছিল। এই রান তাড়া করার মতো উইকেট ছিল।”

তবে ম্যাচের ভেতরে কয়েকটি মুহূর্ত সিলেটকে ছিটকে দিয়েছে বলেই মনে করেন কোচ। লক্ষ্য তাড়ায় শুরুতেই জাকির হাসানের উইকেট হারালেও পারভেজ হোসেন ইমন ঝোড়ো ব্যাটিংয়ে চাপ সামাল দেন। স্যাম বিলিংসকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পথেই ছিলেন তিনি। কিন্তু ৪৮ রানে ইমনের রানআউট ম্যাচের দৃশ্যপটই বদলে দেয়।



সোহেলের মতে, “শুরুর দিকে উইকেট পড়লে চাপ আসে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা সেটা ওভারকাম করেছিলাম। ইমন খুব ভালো খেলছিল, বিলিংসের সঙ্গে দারুণ জুটি হচ্ছিল। ইমনের রানআউটটা আমার কাছে একটা বড় টার্নিং পয়েন্ট।”

ইমনের বিদায়ের পরও ম্যাচে ফেরার সুযোগ ছিল সিলেটের। তবে মঈন আলী ও স্যাম বিলিংসের টানা দুই উইকেট দলকে আরও চাপে ফেলে দেয় বলে মনে করেন কোচ।

শেষদিকে খালেদ আহমেদের ব্যাটিং সিলেটকে আবার আশার আলো দেখায়। বড় শটের সামর্থ্য থাকা খালেদ ছয় মারতে পারলে ম্যাচের চিত্র বদলে যেতে পারত। কিন্তু বাউন্ডারিতে সাহিবজাদা ফারহানের দারুণ ক্যাচে খালেদ আউট হওয়াটাকেই ম্যাচের চূড়ান্ত টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন সোহেল ইসলাম।

তিনি বলেন, “খালেদের আউটটা অবশ্যই টার্নিং পয়েন্ট। ও বিগ হিটার। দুইটা বল যদি ছয় হয়ে যেত, তাহলে খেলার পরিস্থিতিটাই অন্যরকম হতো। ওই সময় পর্যন্ত আমাদের আশা ছিল, তবে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করছিলাম।”

সব মিলিয়ে সিলেটের কাছে হারটা শুধু রান বা উইকেটের হিসাব নয়, বরং কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হাতছাড়া হওয়ায় সব মিলে হার এড়ানো যায়নি।

ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট