
নিরাপত্তা শঙ্কায় ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। তবে আইসিসির কড়া অবস্থান, সময় বেঁধে দেওয়া সব মিলিয়ে পরিস্থিতি এখন চূড়ান্ত সিদ্ধান্তের মুখে। এই প্রেক্ষাপটে আজ (বুধবার) বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আজ দুপুর তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। বৈঠকে সরকারের পক্ষ থেকে খেলোয়াড়দের সরাসরি জানানো হবে, কোন বাস্তবতায় এবং কী বিবেচনায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সামনে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
নিরাপত্তা ইস্যুতে বিসিবির অবস্থান আগেই স্পষ্ট। উগ্রবাদীদের হুমকির প্রেক্ষিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পরই সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর অনলাইন ও সরাসরি দুই দফায় আইসিসির সঙ্গে বৈঠক হলেও নিজেদের অবস্থান বদলায়নি বিসিবি। শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দাবিতেই অনড় ছিল বোর্ড।
তবে আজ পরিস্থিতি আরও জটিল হয়েছে। নিরাপত্তা শঙ্কা নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইসিসি বোর্ডসভা বসে। সভা শেষে এক বিবৃতিতে আইসিসি জানিয়ে দেয়, বাংলাদেশের ক্রিকেটার, সমর্থক কিংবা সংশ্লিষ্ট কারও জন্য ভারতে কোনো হুমকি নেই। আইসিসির মতে, মোস্তাফিজের আইপিএল–সংক্রান্ত ঘটনাটি ছিল বিচ্ছিন্ন এবং বিশ্বকাপের সঙ্গে অপ্রাসঙ্গিক।
এ অবস্থায় বিশ্বকাপের সূচি পরিবর্তন করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে আইসিসি। অর্থাৎ, বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে এটাই তাদের চূড়ান্ত বার্তা।
এরপরই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, সরকারের সঙ্গে আরও একবার কথা বলার জন্য আইসিসির কাছে এক দিনের সময় চেয়েছেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে সরকারের অবস্থান জানা জরুরি বলেই এই সময় চাওয়া হয়েছে। আমিনুল ইসলাম নিজেই জানিয়েছেন, তিনি এখনো ‘মিরাকলের’ আশায় আছেন।
এই প্রেক্ষাপটে আজকের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারের প্রতিনিধি, বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটার এবং বোর্ডের সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে আজই বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে বড় কোনো ঘোষণা আসতে পারে।
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৬/টিএ






















