Connect with us
ক্রিকেট

বিপিএলে ব্যক্তিগত দ্বিতীয় শতক হৃদয়ের, গড়েছেন রেকর্ডও

Tawhid Hridoy
সেঞ্চুরির পর হৃদয়ের উদযাপন। ছবি: হৃদয়ের ফেসবুক পোস্ট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মরক্ষার ম্যাচে জোড়া সেঞ্চুরি দেখলো সমর্থকরা। প্রথম ইনিংসে হাসান ইসাখিলের সেঞ্চুরিতে ১৭৩ রানের পুঁজি পায় নোয়াখালী, জবাবে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে জয় তুলে নেয় রংপুর।

চলতি আসরে ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, আর আসরের প্রথম দল হিসেবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে নোয়াখালী এক্সপ্রেস। নিয়মরক্ষার ম্যাচে আজ (রোববার) মুখোমুখি হয়েছিল দল দুটি।

১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন ওপেনার তাওহিদ হৃদয়। অপর প্রান্তে মালান দেখেশুনে খেলতে থাকলেও বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান হৃদয়। ২৭ বলেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।



মালানের বিদায়ের পর লিটনকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন হৃদয়। তাদের জুটিতে ভর করে জয়ের কাছাকাছি পৌঁছে যায় রংপুর। ১৫ চার ও ২ ছক্কায় ৫৭ বলে তুলে নেন আসরে নিজের প্রথম ও বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। শেষপর্যন্ত ৬৩ বলে ১০৯ করে ফেরেন হৃদয়।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এটিই হৃদয়ের সর্বোচ্চ ইনিংস। এর আগে বিপিএলেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নিজের প্রথম সেঞ্চুরিতে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

সেঞ্চুরির পাশাপাশি রেকর্ডেও নাম লিখেছেন হৃদয়, বিপিএল ইতিহাসে এক ইনিংসে এর চেয়ে বেশি বাউন্ডারি আছে শুধু দুজনের- তামিম ইকবাল (১৭ চার ও ৪ ছক্কায় ১১১ রান) ও কলিন ইনগ্রাম (১৬ চার ও ১ ছক্কায় ৯০ রান)।

বিপিএলের এবারের আসর যেন স্বপ্নের মতো কাটাচ্ছেন হৃদয়। বিপিএলের আগে ফর্মহীন হৃদয় বিপিএলে রীতিমতো রানের ফুলঝুরি ছড়াচ্ছেন। আসরে এখন পর্যন্ত ১০ ইনিংসে ১৩৯.৪৮ স্ট্রাইকরেটে ৩৭৮ রান করেছেন হৃদয়, এবারের আসরে একন পর্যন্ত সেরা রান সংগ্রহকও তিনি।

এর আগে, টসে হের ব্যাট করতে নেমে প্রথমে দেখেশুনে খেলা শুরু করেন হাসান ইসাখিল, ৫০ বলে করেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। এরপরেই পাল্টে যায় ইসাখিলের ব্যাটিংয়ের ধরণ, শেষদিকে বিধ্বংসী ব্যাটিংয়ে ৭০ বলে তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরি। ১১ ছক্কা আর ৪ চারে শেষপর্যন্ত ৭২ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন এই তরুণ আফগান ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট