Connect with us
ক্রিকেট

প্লে-অফের লক্ষ্যে নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবে রংপুর

Rangpur Raiders
রংপুর রাইডার্স। ছবি: সংগৃহীত

বিপিএলে সিলেট পর্ব শেষে ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামার আগেরদিন অধিনায়কত্বে পরিবর্তন এনেছে রংপুর রাইডার্স। ঢাকা পর্বে দলকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের অধিনায়ক লিটন কুমার দাস। আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান কোচ মিকি আর্থার।

বেশ কয়েক মৌসুম ধরে রংপুর রাইডার্সের নেতৃত্ব দিয়ে আসছিলেন নুরুল হাসান সোহান। তার অধিনায়কত্বে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে শিরোপা জেতে ফ্রাঞ্চাইজিটি। গত আসরেও প্লে-অফ খেলার কৃতিত্ব দেখিয়েছে বিপিএলের ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। চলতি বিপিএলেও সেরা চারে ওঠার দৌড়ে আছে তারা।

তবে ব্যক্তিগত পারফরম্যান্সে এবার ভালো অবস্থায় নেই সোহান। এবারের আসরে ৮ ম্যাচে ৬ ইনিংসে মাত্র ৯০.৯০ স্ট্রাইক রেটে ৩০ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
সংবাদ সম্মেলনে রংপুরের কোচ মিকি আর্থার জানিয়েছেন, সোহানকে অধিনায়কত্ব থেকে সরানো হয়নি, নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্যই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সোহান। নতুন অধিনায়ক হিসেবে লিটনকে বেছে নেওয়ার ব্যাখ্যাও দেন আর্থার।



আর্থার বলেন, ‘লিটন যেহেতু জাতীয় দলের অধিনায়ক, এটা তাই খুবই সহজ ছিল। লিটন যেভাবে ক্রিকেটটা এপ্রোচ করে আমার খুব ভালো লাগে। সে খুব এগ্রেসিভ। তার মাইন্ডসেট দারুণ। দলের নেতা সে, সবাই তাকে ফলো করে, শ্রদ্ধা করে।’

সংবাদ সম্মেলনে আর্থারের পাশে ছিলেন লিটনও। সামনে বিশ্বকাপ থাকলেও আপাতত লিটনের লক্ষ্য রংপুরকে এগিয়ে নেওয়া বলে জানান বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক।

লিটন বলেন, ‘এই মুহূর্তে বিশ্বকাপের চিন্তা মাথায় নেই। যেহেতু একটা ফ্র‍্যাঞ্চাইজি হয়ে খেলতেছি, সম্পূর্ণ ডেডিকেশন এখানে আমার ফ্র‍্যাঞ্চাইজির জন্যই থাকবে। ফ্র‍্যাঞ্চাইজি যখন এই জিনিসটা আপনার কাছে চায়, ক্রিকেটার হিসেবে আমার দায়িত্ব এটা গ্রহণ করার জন্য।’

বিপিএলের এবারের আসরে বেশ ছন্দে ছিল রংপুর,  সিলেট পর্বে ছিল পয়েন্ট টেবিলের শীর্ষেও। পরপর তিন ম্যাচে হেরে টেবিলের ৪র্থ অবস্থানে নেমে এসেছে দলটি।তবে তাদের সামনে সুযোগ রয়েছে প্লে অফে খেলার। বাকী ২ ম্যাচের যেকোনো একটিতে জিতলেই প্লে অফ নিশ্চিত হবে লিটন-মুস্তাফিজদের।

ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট