
চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আসরের শুরু থেকেই ছিল নানা নাটকীয়তা, আসর মাঠে গড়ানোর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দিয়েছিল মালিকপক্ষ। এরপর দলটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির অধীনে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে আসছে চট্টগ্রাম। সিলেট পর্ব শেষে ৭ ম্যাচের ৫টিতেই জয় তুলে নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। ১৪ পয়েন্ট পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে হায়দার আলীর দল।
আসরের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন দুই ওপেনার রসিংটন ও মোহাম্মদ নাঈম। ৬ ম্যাচে ২৫৮ রান করে আঙুলের চোটে আসর থেকে ছিটকে গেছেন রসিংটন। তার বিকল্প খুঁজতে ইংল্যান্ডের দুই তারকা ফিল সল্ট ও অ্যাডাম লাথামের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন হাবিবুল বাশার সুমন।
আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে চট্টগ্রামের টিম ডিরেক্টর বাশার বলেন, ‘রসিংটন যেভাবে ব্যাটিং করতো, ওকে ঘিরেই আমাদের ব্যাটিং পরিকল্পনা আবর্তিত হতো। নাঈম শেখও ওকে পাশে পেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতো। ওর না থাকাটা আমাদের অনেক বড় ধাক্কা। কিন্তু আমরা এটা নিয়ে খুব বেশি ভাবছি না। কারণ, এ ছাড়া আমাদের আর বিকল্প নেই। বিকল্প খেলোয়াড় তো নিতেই হবে।’
বেশকিছু বড় তারকা আছে চট্টগ্রামের নজরে। বাশার আরও বলেন, ‘আমরা লাথাম, ফিল সল্টসহ বেশ কিছু বড় খেলোয়াড়দের চেষ্টা করেছি; কিন্তু ওদের এখন পাওয়া যাবে না। এই মুহূর্তে আমরা মোহাম্মদ হারিসের সাথে কথা বলছি, পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক। ওর সাথে মোটামুটি কথা এগিয়েছে, সম্ভবত হারিস চলে আসবে।’
মালিকানা পরিবর্তন হওয়ায় শঙ্কা ছিল ক্রিকেটারদের বেতন নিয়ে। তবে বাশারের মতে পারিশ্রমিক নিয়ে চিন্তা করতে হবে না খেলোয়াড়দের। তিনি বলেন, ‘আমরা অনেক বেশি সন্তুষ্ট। চট্টগ্রাম রয়্যালসের পারিশ্রমিক বিসিবি পরিশোধ করছে। বিসিবির পরিশোধে অনেক নথিপত্রের কাজ থাকে। ফ্র্যাঞ্চাইজি পরিশোধে মালিক চেক দিলে টাকা পাওয়া যায় কিন্তু বিসিবিতে ব্যাংকিং লেনদেনসহ অনেক পক্রিয়া থাকে। আমরা নগদ অর্থ পরিশোধ করতে পারি না। এজন্য একটু সময় লাগে। তবে খেলোয়াড়রা জানে টাকাটা নিশ্চিত পাবে।’
ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৬/এআই






















