Connect with us
ক্রিকেট

শোয়েব আখতারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন তাসকিন

Shoaib and Taskin
শোয়েবকে ধন্যবাদ দিলেন তাসকিন। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারকে নিয়ে আবারও আলোচনায় বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার প্রায় এক যুগ পর ভিন্ন ভূমিকায় বাংলাদেশে পা রেখেছেন শোয়েব। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করবেন তিনি।

ঢাকায় এসে এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শোয়েব আখতার নিজের গতি–রেকর্ডের প্রসঙ্গ টেনে তাসকিনের নাম উল্লেখ করেন। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে করা তার সেই বিশ্বরেকর্ড এখনো অক্ষত। তবে ভবিষ্যতে তাসকিন আহমেদ সেই রেকর্ড ভাঙতে পারবেন এমন প্রত্যাশার কথাও জানান তিনি। তিনি বলেন, আমি চাই তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক।

এবার শোয়েবের সেই বক্তব্যের প্রেক্ষিতে কথা বললেন তাসকিন আহমেদ। আইএল টি–টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ শেষে শারজা ওয়ারিয়র্সের এই পেসার বলেন, শোয়েব আখতারের কাছ থেকে এমন মন্তব্য পাওয়া তার জন্য সম্মানের। একই সঙ্গে তিনি স্বীকার করেন, সেই রেকর্ড ছোঁয়া সহজ নয়। তাসকিনের মতে, ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করা অনেক কঠিন কাজ।



বাংলাদেশের ক্রিকেটের জন্য শোয়েব আখতারের উপস্থিতিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তাসকিন। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নেওয়ায় শোয়েবকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তার অভিজ্ঞতা থেকে শেখার অনেক কিছু আছে। শোয়েবের সঙ্গে কাজ করার সুযোগ পেলে দেশের ফাস্ট বোলাররাও অনেক উপকৃত হবেন বলেও মনে করেন তিনি।

এদিকে, আইএল টি–টোয়েন্টিতে বর্তমানে বাংলাদেশ থেকে তাসকিনের পাশাপাশি খেলছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তাসকিন খেলছেন শারজা ওয়ারিয়র্সের হয়ে, সাকিব খেলছেন এমআই এমিরেটস এর হয়ে অন্যদিকে মুস্তাফিজ খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। তবে এই টুর্নামেন্টে আরও বাংলাদেশি ক্রিকেটারদের দেখার আগ্রহ প্রকাশ করেছেন তাসকিন। তার মতে, কঠিন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ক্রিকেটারদের উন্নত করে। বিশেষ করে বোলারদের জন্য এসব ম্যাচ বড় চ্যালেঞ্জ তৈরি করে, যেখানে প্রতিটি মুহূর্ত থেকেই শেখার সুযোগ থাকে। আমি চাইবো বাংলাদেশ থেকে আরও বেশি বেশি খেলোয়াড় এসব লিগে খেলুক।

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট