
দীর্ঘদিন পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে মাঠের বাইরে এসে শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে নিয়মভঙ্গের দায়ে বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
গত ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত ভারতের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধ নির্ধারিত সময়ের চেয়ে এক মিনিট ৪৩ সেকেন্ড দেরিতে মাঠে নামে বাংলাদেশ দল। এএফসির কম্পিটিশন ম্যানুয়েলের ২.২ ধারায় বিষয়টিকে নিয়মভঙ্গ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই কারণেই এএফসির ডিসিপ্লিনারি কমিটি বাফুফের ওপর ১ হাজার ২৫০ মার্কিন ডলার জরিমানা আরোপ করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা।
এএফসি সূত্রে জানা গেছে, গত পরশু অনুষ্ঠিত ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাফুফেকে আগামী এক মাসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।
বিলম্বে মাঠে প্রবেশের কারণে বাফুফের শাস্তির ঘটনা নতুন নয়। চলতি বছরের ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও একই কারণে জরিমানার মুখে পড়েছিল সংস্থাটি। তখন বাফুফেকে গুনতে হয়েছিল দেড় হাজার ডলার। হংকংয়ের বিপক্ষে ম্যাচে এমন ঘটনা না ঘটলেও ভারতের বিপক্ষে আবারও নিয়মভঙ্গের পুনরাবৃত্তি হয়েছে।
এএফসি তাদের শাস্তির নোটিশে একই ধরনের অপরাধে আগেও বাংলাদেশ শাস্তি পেয়েছে সে বিষয়টিও উল্লেখ করেছে। মাঠে স্মরণীয় জয় এলেও প্রশাসনিক অব্যবস্থাপনায় ফের জরিমানার বোঝা বইতে হলো বাফুফেকে।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রায় ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। মোরসালিনের একমাত্র গোলে ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ। এদিকে ম্যাচের মাত্র তো ১১তম মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন শেখ মোরসালিন। সতীর্থের দারুন এক ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন তরুণ এই ফুটবলার। লিড ধরে রেখেই বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধের গোটা সময়ে ভারতের সঙ্গে সমানতালে লড়াই করে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিরতির পরেও শেষ পর্যন্ত লড়াই করে ১-০ গোলে জিতে ২২ বছরের আক্ষেপ ঘুচায় বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৫/টিএ





























