Connect with us
ফুটবল

২০২৬ ফুটবল বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা করল ফিফা

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানির ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রণক সংস্থা ফিফা। প্রথমবার ৪৮ দল নিয়ে হতে যাওয়া এই আসরে মোট পুরস্কারমূল্য ধরা হয়েছে ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯৯৯ কোটি টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রাইজমানি বাড়ানো হয়েছে প্রায় ৫০ শতাংশ।

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো পারফরম্যান্সের ভিত্তিতেই অর্থ পুরস্কার পাবে। শিরোপাজয়ী দল পাবে সর্বোচ্চ ৫ কোটি ডলার। রানার্সআপের জন্য বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ ডলার। আগের আসরে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার, রানার্সআপ ফ্রান্সের প্রাপ্তি ছিল ৩ কোটি ডলার।

২০২২ বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। ২০২৬ আসরে সেটি বাড়িয়ে আরও ২১ কোটি ৫০ লাখ ডলার যোগ করা হয়েছে। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন দলের পুরস্কার বাড়ানো হয়েছে ৮০ লাখ ডলার এবং রানার্সআপের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ৩০ লাখ ডলার।



যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। মোট ম্যাচ সংখ্যা ১০৪টি। টুর্নামেন্ট শুরু হবে ২০২৬ সালের ১১ জুন, পর্দা নামবে ১৯ জুলাই।

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা প্রতিটি দলই ন্যূনতম এক কোটি ৫ লাখ ডলার পাবে। গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলো পাবে ৯০ লাখ ডলার করে। প্রস্তুতি ব্যয় হিসেবে অতিরিক্ত ১৫ লাখ ডলারও রাখা হয়েছে।

নকআউট পর্বে উঠলে বাড়তে থাকবে পুরস্কারের অঙ্ক। রাউন্ড অব ৩২–এ পৌঁছানো দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার, শেষ ষোলোতে উঠলে ১ কোটি ৫০ লাখ, কোয়ার্টার ফাইনালে উঠলে ১ কোটি ৯০ লাখ ডলার। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলের মধ্যে তৃতীয় হওয়া দল পাবে ২ কোটি ৯০ লাখ এবং চতুর্থ স্থান পাওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার।

উল্লেখ্য, ইতিমধ্যেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ৪২টি দল। বাকি ছয়টি দল প্লে-অফের মাধ্যমে টিকিট পাবে।

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল