
বাংলাদেশ কখনো ফিফা বিশ্বকাপে খেলবে এটা হয়তো দেশের সকল ফুটবলপ্রেমীদের অন্যতম স্বপ্ন। তবে সেই পথে আজ পর্যন্ত পা বাড়ানো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। কেবল বাছাইপর্ব পর্যন্তই সীমাবদ্ধ ছিল জামাল ভূঁইয়াদের যাত্রা। কিন্তু এবার সেই বাংলাদেশকেই বিশ্বকাপের পথে শুভকামনা জানালো ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
সম্প্রতি গত বৃহস্পতিবার অস্ট্রিয়াকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতেছে পর্তুগাল। কাতারে অনুষ্ঠিত সেই খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। সেখানেই এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এগিয়ে চলো বাংলাদেশ। বিশ্বকাপে তোমার অপেক্ষায় আছি বাংলাদেশ।’
কাতারে এক প্রবাসী বাংলাদেশির করা ভিডিওতে এসব কথা বলেন ফিফা প্রেসিডেন্ট। ভিডিওতে বাংলাদেশকে নিয়ে ইনফান্তিনো কথা বলবেন, সেটা হয়তো অস্বাভাবিক নয়। তবে বিশ্বকাপে বাংলাদেশের জন্য অপেক্ষা করার কথা নিশ্চয়ই কিছুটা অবাক করার মতো! ফিফা বস অবশ্যই জানেন বিশ্বকাপে খেলে না বাংলাদেশ।
তবে বিশ্বকাপে না খেললেও ফুটবলের বিশ্বমঞ্চে এখন আর অপরিচিত নয় বাংলাদেশের নাম। কেননা বিশ্বকাপ এলেই বাঁধভাঙ্গা উল্লাসে ফেটে উঠে গোটা এই দেশ। বিশেষ করে ২০২২ ফিফা বিশ্বকাপের সময় একাধিকবার ভাইরাল হয় বাংলাদেশে ফুটবল সমর্থকদের বিপুল উচ্ছ্বাসের নানা ভিডিও। নির্দিষ্ট করে বললে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস।
আর তাইতো দীর্ঘদিন বাদে বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে ভুলেনি আর্জেন্টিনা। সেই দেশের ফুটবলাররাও জানেন, নিজ দেশের বাইরে তাদের সবথেকে বড় ভক্ত গোষ্ঠী রয়েছে এই বাংলাদেশে। আর এই দেশে ফুটবল সমর্থকদের পাগলামি বেশ ভালোভাবেই দৃষ্টিগোচর হয়েছে খোদ ফিফার।
আর হামজা চৌধুরীর আগমনের পর নিজ দেশের ফুটবলের প্রতি আগ্রহ বেড়েছে অনেক। প্রায়ই ফিফা এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া মাধ্যমে উঠে আসে বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি উন্মাদনার দৃশ্য। ফিফাও জানে বিশাল জনগোষ্ঠীর এমন পাগলাটে সমর্থন ফুটবলের জন্য কতটা জরুরী। তাই বাংলাদেশকে শুভকামনা জানাতে বেশি ভাবতে হয়নি ইনফান্তিনোকে।
ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৫/এফএএস























