Connect with us
ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ : গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ

SAFF U-17 Championship 2025 Bangladesh
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নেপালের জালে চার গোল, দ্বিতীয় ম্যাচেও একই ধারায় খেলল বাংলাদেশ।

রোববার (২১ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে পা দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

এদিকে বাংলাদেশের জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন রিফাত কাজী। অন্য গোলটি এসেছে আরিফের পা থেকে। গ্রুপে তিনটি দল থাকায় এই জয়ের মধ্য দিয়েই শতভাগ সাফল্যে লাল-সবুজের প্রতিনিধিরা শেষ করলো গ্রুপ পর্ব।



সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ। দুই ম্যাচ শেষে ভারত ও পাকিস্তান সমান ৬ পয়েন্টে আছে। আগামীকাল তাদের সরাসরি মুখোমুখি লড়াইয়ের পর জানা যাবে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হচ্ছে।

এদিকে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ১৮ মিনিটে কিছুটা ভাগ্যের সহায়তায় লিড নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলরক্ষক সাথিনের ভুলে বল পেয়ে যান নাজমুল হুদা ফয়সাল। তার শট ফিরিয়ে দিলেও আরিফের ফিরতি শট জালে জড়ায়।

৩৮ মিনিটে ক্রসবারে লেগে ফেরে মানিকের হেড। তবে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় বাংলাদেশ। সতীর্থের পাস ধরে এক ডিফেন্ডার কাটিয়ে রিফাতের জোরালো শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়।

৬৪ মিনিটে সাব্বির ইসলামের শট ফিরিয়ে দেন গোলরক্ষক, তবে ফিরতি বলে গোল করেন রিফাত। আর ৮৮ মিনিটে অধিনায়ক ফয়সালের উঁচু ক্রসে দুর্দান্ত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড।

ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল