
টেস্ট অভিষেক ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন প্রিটোরিয়াস। প্রোটিয়াদের টেস্ট ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই তরুণ ব্যাটিং সেনসেশন।
এই সেঞ্চুরির মধ্য দিয়ে ৬১ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন প্রিটোরিয়াস। এতদিন দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন গ্রায়েম পোলক। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছর ৩১৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন এই সাবেক। আর প্রিটোরিয়াস ১৯ বছর ৯৩ দিন বয়সে শতরানের মাইলফলক ছুঁইয়েছেন।
সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির বিশ্ব রেকর্ডে দশম স্থানে আছেন প্রিটোরিয়াস। এই তালিকার শীর্ষস্থান এখনো বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের দখলে। ২০০১ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন তিনি। তখন তার বয়স ছিল ১৭ বছর ৬১ দিন।

২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। ছবি- এএফপি
আরও পড়ুন:
» দলে ফিরে খুশি তাসকিন, জিততে চান সাদা বলের সিরিজ
» সিরিজের মাঝপথে শান্তর পদত্যাগ নিয়ে বিসিবি সভাপতির আক্ষেপ
এদিন বুলাওয়েতে টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ৫৫ রানেই ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর আরেক অভিষিক্ত ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন প্রিটোরিয়াস। তবে ব্রেভিস ৫১ রান করে ফিরে গেলেও খেলা চালিয়ে যান প্রিটোরিয়াস। দুর্দান্ত ব্যাটিংয়ে ১১২ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৬০ বলে ১৫৩ রানের ইনিংস খেলে ফিরেন তিনি। তার এই রেকর্ডগড়া ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কার মার ছিল।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন প্রিটোরিয়াস। তার দুর্দান্ত এই ইনিংসের মধ্য দিয়ে ৯ বছর পর কোনো প্রোটিয়া ব্যাটার টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেলেন। সবশেষ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে অভিষিক্ত ক্রিকেটার হিসেবে শতরানের মাইলফলক স্পর্শ করেছিলেন স্টিফেন কুক।
ক্রিফোস্পোর্টস/২৮জুন২৫/বিটি






















