Connect with us
ফুটবল

ফাহমিদুল প্রবাসী নয়, বাংলাদেশি— ডিফেন্ডার ইসা ফয়সাল

Fahamidul's first practice session in Bangladesh
ফয়সাল-তপুদের সঙ্গে অনুশীলনে ফাহমিদুল। ছবি- বাফুফে

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে শনিবার (৩১ মে) থেকে শুরু হয়েছে বাংলাদেশের অনুশীলন। কোচ হ্যাভিয়ের কাবরেরার অধীনে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন সেরেছেন ফুটবলাররা। যেখানে ছিলেন ইতালির সিরি ডিতে খেলা ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম। দেশের মাটিতে এটাই তার প্রথম অনুশীলন।

মূলত আজ প্রথম দিনের অনুশীলন হওয়ার কথা ছিল ঢাকা জাতীয় স্টেডিয়ামে। তবে বৈরী আবহাওয়ার কারণে কিংস অ্যারেনায় গিয়ে অনুশীলন করেছেন রহমত-তপু-ইসা ফয়সালরা। এই অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে প্রথম দিন দারুণ সময় কেটেছে ফাহমিদুলের।

প্রথম দিনের অনুশীলন নিয়ে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুনের, ‘ফাহমিদুল একজন মেধাবী খেলোয়াড়। গতবার সে সৌদি আরবে খুব বেশি সময় পায়নি। তবে এখনকার ফাহমিদুলকে দেখে আমার এবং কাবরেরার কাছে মনে হচ্ছে, সে অনেকটা প্রস্তুত হয়ে এসেছে। জাতীয় দলের জার্সিতে সে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে। দেখা যাক, সে নিজেকে কতটা মেলে ধরতে পারে।’




আরও পড়ুন :

» ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে রুখে দিল বাংলাদেশ

» ‘পারফরম্যান্স খারাপ হওয়ায় বিসিবির পদ হারিয়েছেন ফারুক’


ফাহমিদুলকে অনেকে প্রবাসী ফুটবলারের দৃষ্টিতেই দেখেন। তবে তাকে প্রবাসী বলতে নারাজ ডিফেন্ডার ইসা ফয়সাল। এই তরুণ ফরোয়ার্ডকে নিজেদের মতোই বাংলাদেশি ভাবতে চান তিনি।

ইসা বলেন, ‘ফাহমিদুলের সঙ্গে ভালো সময় কাটছে আমাদের। সে খোলা মনের, আমাদের মতোই মিশুক। সে যে প্রবাসী, সেটা আমি বলব না। সে বাংলাদেশি খেলোয়াড়, এটাই বড় কথা।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আগামী ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ জুন সিঙ্গাপুরকে মোকাবিলা করবেন হামজা-সামিত-ফাহমিদুলরা।

ক্রিফোস্পোর্টস/৩১মে২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল