
চলতি আইপিএলে ঋষভ পন্তের ১ রানের প্রতি লখনৌ সুপার জায়ান্টসের খরচ ১৪ লাখ টাকা! বিষয়টা শুনতে বেশ অবাক লাগলেও এমনটাই ঘটেছে। পন্তকে কিনতে লখনৌ যত টাকা খরচ করেছে, সেই হিসাব আমলে নিলে তার রান প্রতি ১৪ লাখা টাকারও বেশি খরচ হয়েছে ফ্রাঞ্চাইজিটির।
বড় আশা নিয়ে পন্তকে দলে নিয়েছিল লখনৌ। দিল্লি ক্যাপিটালস তাকে ছেড়ে দেওয়ায় নিলামের আগেই তাকে নিয়ে দল গড়ার পরিকল্পনা সাজায় লখনৌ। এরপর মেগা নিলাম থেকে তাকে চড়া মূল্যে দলে ভেড়ায় ফ্রাঞ্চাইজিটি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে তাকে কিনে নেয় লখনৌ। তবে দামের প্রতি সুবিচার করতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার।
টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাট হাতে ধুঁকতে থাকে পন্ত। শুরুর চার ইনিংসের মধ্যে তিনবারই দুই অঙ্কেও পৌঁছাতে ব্যর্থ হন তিনি। মাঝে এক ইনিংসে ফিফটির দেখা পেয়েছিলেন তিনি। তবে সেটাও ছিল বেশ ধীরগতির। আইপিএলের শেষ ম্যাচের আগ পর্যন্ত ১২ ইনিংসে এক ফিফটিসহ ১৫১ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার।
আরও পড়ুন :
» শতক হাঁকিয়ে মাঠেই ডিগবাজি, পেছনে হতাশার গল্প!
» আইপিএল ২০২৫ : বৃষ্টিতে কোয়ালিফায়ার ভেসে গেলে ফাইনালে উঠবে কারা?
আসরের শেষ ম্যাচে এসে জ্বলে ওঠেন পন্ত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬১ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তবে এই বিধ্বংসী সেঞ্চুরির পরও হেরেছে তার দল। অবশ্য জয় পেলেও কোনো লাভ হতো না। কেননা টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল তার দলের।
এই ইনিংসের মধ্য দিয়ে ১৩ ইনিংসে তার মোট রান দাঁড়িয়েছে ২৬৯। এতে রান সংগ্রাহকদের তালিকায় ৩৫ নম্বরে অবস্থান করছেন তিনি।
পন্ত কিনতে লখনৌ খরচ করেছে ২৭ কোটি রুপি, যা টাকার হিসেবে ৩৮ কোটি ৬৫ লাখ টাকা। যদি তার মূল্য অনুযায়ী প্রতি রানের হিসাব করা হয়, তাহলে প্রতিটি রানের মূল্য দাঁড়ায় ১৪ লাখ ৩৬ হাজার টাকা।
ক্রিফোস্পোর্টস/২৯মে২৫/বিটি




















