Connect with us
ফুটবল

হামজাকে দলে ভিড়িয়ে লাল-সবুজে মেতেছে শেফিল্ড

Sheffield United posts after pick up Hamza Chowdhury
হামজাকে নিয়ে শেফিল্ডের পোস্ট। ছবি- সংগৃহীত

আগেই শোনা গিয়েছিল বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী লেস্টার সিটি ছেড়ে যাবেন নতুন ক্লাবে। এবার আনুষ্ঠানিকভাবে ঘটলো তেমনটাই। মৌসুমের বাকি সময় এই তারকা মিডফিল্ডার ধারে খেলবেন শেফিল্ডের হয়ে। ফলে এখন থেকে তাঁকে আর ইংলিশ প্রিমিয়ার লিগে নয়, বরং দেখা যাবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে। এরই মধ্যে দলটির সঙ্গে যোগ দিয়েছেন হামজা।

এদিকে হামজা চৌধুরীকে দলে নেয়ার পর গতকাল রাত থেকে তাঁকে নিয়েই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছে শেফিল্ড ইউনাইটেড। যেখানে স্পষ্টই বোঝা যায় এই তারকা ফুটবলারকে দলে নেয়ার পর নিজেদের সামাজিক মাধ্যম প্লাটফর্মকেও শক্তিশালী করার উপায় পেয়ে গেছে তারা।

গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে নিজেদের দলে হামজা চৌধুরীকে ভেড়ানোর পর এক ঘন্টার ব্যবধানে তাকে নিয়ে ছয়টি পোস্ট দেখা গেছে শেফিল্ডের অফিসিয়াল ফেসবুক পেইজে। যার মধ্যে রয়েছে দুটি ভিডিও। এদিকে পোস্টগুলোতে তাদের জার্সির রং ছাড়াও দেখা গেছে লাল-সবুজের প্রাধান্য। এমনকি একাধিক পোস্টে বাংলাদেশের পতাকার ইমোজিও ব্যবহার করা হয়েছে।




আরও পড়ুন:

» শৈশবের ক্লাবেই ফিরছেন নেইমার!

» ব্রাজিলের জয়ের রাতে জিততে পারল না আর্জেন্টিনা


এছাড়া শেফিল্ডের ছদ্মনাম ‘দ্য ব্লেডস’। আর তার সঙ্গে মিল রেখেই হামজার ছবি সম্বলিত এক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশি ব্লেড’। ক্যাপশনের শেষে বাংলাদেশি পতাকা ও তরবারির ইমোজি ব্যবহার করেছে ক্লাবটির ফেসবুক প্লাটফর্ম। আর এই সকল পোস্টের মাধ্যমে হু হু করে বাড়তে শুরু করেছে শেফিল্ড ফেসবুক পেইজের রিচ।

একটি ভিডিওতে এই বাংলাদেশি মিডফিল্ডার বলেন, ‘এখানে এসে বেশ উচ্ছ্বসিত। গত দুই সপ্তাহ ধরেই আলোচনা চলছিল। তবে এই দলে যুক্ত হতে পেরে অনেক খুশি। মাঠে নামতে তর সইছে না আমার।’ আর শেফিল্ড ইউনাইটেড কোচ ক্রিস ওয়াইল্ডার অনেক আগে থেকেই হামজার ভক্ত। ২০২৩ সালে ওয়াটফোর্ডে ধারে খেলার সময়েই হামজাকে পছন্দ হয়েছিল তাঁর।

এদিকে লেস্টার সিটির মতো দল ছেড়ে শেফিল্ডে আসা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। কেননা টিম কম্বিনেশনের কারণে লেস্টার সিটিতে নিয়মিত খেলার একদমই সুযোগ পান না হামজা। গেল কিছুদিনে বেশিরভাগ সময় সাইড বেঞ্চে বসেই সময় কাটাতে হয়েছিল এই বাংলাদেশি ফুটবলারকে। আর তাই সকল পক্ষের সম্মতিতে শেফিল্ডে ধারে খেলার সিদ্ধান্ত হয়।

ক্রিফোস্পোর্টস/২৮জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল