
দেখতে দেখতে ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ হতে চললো। ইতিহাসে এবারই সর্বপ্রথম বিশ্বকাপে খেলছে ৪৮টি দেশ। যার মধ্যে ৩২টি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। বিদায় নিবে ১৬টি দেশ। এরই মধ্যে ৭টি দলের বিদায় নিশ্চিত হয়েছে। আর পরের রাউন্ডে পা রেখেছে ১৩টি দল।
এখনো টিকে আছে ২৮টি দলের ভাগ্য। এদের মধ্যে থেকে ১৯টি দলের সামনে পরের রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে। আর কপাল পুড়বে আরও ৯টি দলের।
চলুন দেখে আসি কোন ১৩টি দল এরই মধ্যে সুখবর পেয়েছে আর কোন ৭টি দল বাড়ির পথে রওনা দিচ্ছে-
এ গ্রুপ থেকে স্বাগতিক মেক্সিকো তিন জয়ে গ্রুপসেরা হয়েই পরের রাউন্ড নিশ্চিত করেছে। একটি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে প্রথমবার নকআউটপর্বে দক্ষিণ আফ্রিকা। আর ৩ পয়েন্ট নিয়ে এখনো অপেক্ষায় রয়েছে দক্ষিণ কোরিয়া। তবে দুটি হার ও একটি ড্রতে ১ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে চেকরিপাবলিক।
বি গ্রুপের চূড়ান্ত ফলাফল চলে এসেছে। তিনটি দল পরের রাউন্ড নিশ্চিত করেছে। বিদায় নিয়েছে একটি। দুই জয় এব ড্রতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা সুইজারল্যান্ড, সহস্বাগতিক কানাডা দুইয়ে থেকে প্রথমবার নকআউটে এবং পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে বসনিয়া তিনে। দুটি ম্যাচ হেরে একটি ড্র করে তলানীতে থেকে বিদায় নিয়েছে কাতার।
সি গ্রুপে সেয়ানে সেয়ানে লড়েছে ব্রাজিল-মরক্কো। দুই দলেরই দুটি করে জয় ও একটি করে ড্র। ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে ব্রাজিল। দুইয়ে মরক্কো। ৩ পয়েন্ট নিয়ে এখনো অপেক্ষায় স্কটল্যান্ড। কোনো ম্যাচ না জিতে এই গ্রুপ থেকে খালি হাতে ফিরছে হাইতি।
ডি গ্রুপ থেকে টানা দুই জয়ে সুপার থার্টি টুতে জায়গা করে নিয়েছে আরেক স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়া বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে টানা দুটি হারে বিদায় নিশ্চিত হয়েছে তুরস্কের।
ই গ্রুপ থেকে জার্মানি জয়রথ দেখিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে। এখনো অপেক্ষায় রয়েছে আইভরি কোস্ট ও ইকুয়েডর। সুযোগ হাতছানি দিচ্ছে ছোট্ট দেশ কুরাসাওকেও।
এফ গ্রুপে নেদারল্যান্ড ও জাপানের হাড্ডাহাড্ডি লড়াই ও সুইডেনের দাপুটে জয়ে এখনো চূড়ান্তভাবে কেউই দ্বিতীয় রাউন্ডে নাম লেখাতে পারেনি। এই তিন দলের সামনেই সমান সুযোগ। দুই ম্যাচে ৯ গোল খেয়ে বিদায়ের টিকিট পেয়ে গেছে তিউনিশিয়া।
এদিকে জি গ্রুপের সমীকরণ একেবারে জমে ক্ষীর। কেউই এখনো পরের রাউন্ডে যেতে পারেনি আবার কারো বিদায়ও হয়নি। মোট চারটা ম্যাচের তিনটাই ড্র আর একটায় ফল এসেছে। ৪ পয়েন্ট নিয়ে উপরে মিশর। দুটি ড্রতে বেলজিয়াম ও ইরান সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ও তিনে আছে। এক ড্র ও এক হারে সুযোগ রয়েছে নিউজিল্যান্ডেরও।
এইচ গ্রুপেরও একই অবস্থা। স্পেন এক জয় ও এক ড্রতে চার পয়েন্ট নিয়ে উপরে থাকলেও চূড়ান্ত হয়নি টিকিট। সুযোগ রয়েছে সবারই। উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব সবাই সমীকরণ মেলানোর অপেক্ষায়।
আই গ্রুপ থেকে আবার ফ্রান্স নরওয়ে দুদলই টানা জয়ে নকআউটের টিকিট কেটেছে। তবে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ের ম্যাচ এখনো বাকি। এই গ্রুপ থেকে সুযোগ রয়েছে সেনেগাল ও ইরাকেরও।
জে গ্রুপে দাপট দেখাচ্ছে আর্জেন্টিনা। মেসি ঝলকে টানা জয়ে নকআউট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিদায় নিয়েছে জর্ডান। সুযোগ রয়েছে অস্ট্রিয়া ও আলজেরিয়ার সামনে।
কে গ্রুপ থেকে এখনো অপেক্ষায় রয়েছে রোনালদোর পর্তুগাল। তবে এরই মধ্যে দুই জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে কলম্বিয়া। পর্তুগালের সাথে সাথে অপেক্ষায় রয়েছে ডিআর কঙ্গো ও উজবেকিস্তান।
সর্বশেষ এল গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের টিকিট কেউ না কাটলেও বিদায় নিশ্চিত হয়েছে এক দলের। ইংল্যান্ড ও ঘানা সমান ৪ পয়েন্ট নিয়ে সেরা হওয়ার লড়াইয়ে আছে। তিনে অবস্থান করছে ক্রোয়েশিয়া। আর বিদায় নিয়েছে পানামা।
এক নজরে দেখে নিন দ্বিতীয় রাউন্ডে ওঠা ১৩ দল
মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া।
এক নজরে দেখে নিন বিদায় নেওয়া ৭টি দল
চেক রিপাবলিক, কাতার, হাইতি, তুরস্ক, তিউনিশিয়া, জর্ডান ও পানামা।
ক্রিফোস্পোর্টস/২৫জুন২৬/এজে



















