
আগামী জুলাই-আগস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসর। এই টুর্নামেন্ট সামনে রেখে দল গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। ড্রাফটের আগে সরাসরি চুক্তির মাধ্যমে নিজেদের পছন্দের খেলোয়াড়কে দল টানছে তারা। তবে ড্রাফট থেকেই পূর্ণ দল গঠন করবে ফ্রাঞ্চাইজিগুলো।
এলপিএলের সবশেষ দুই আসরে নিলাম অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার নিলামের পরিবর্তে ড্রাফটের মাধ্যমেই দল সাজাবে ফ্রাঞ্চাইজিগুলো। আগামী মাসের প্রথম দিন অর্থাৎ ১জুন এলপিএলের ষষ্ঠ আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে।
এই ড্রাফট সামনে রেখে নিবন্ধনের সংখ্যা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এবারের আসরের ড্রাফটে ২১ দেশ থেকে ৬৫০ জনেরও বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। যদিও এখনও ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি শ্রীলঙ্কার বোর্ড।
এবারের আসরের জন্য বাংলাদেশ থেকে ড্রাফটে নাম দিয়েছেন ৪৮ ক্রিকেটার। তবে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে নিয়েছে জাফনা কিংস। এছাড়া তাসকিনকেও দলে নেওয়ার বিষয়টি গণমাধ্যমে এসেছে। যদিও এ বিষয়ে জাফনার পক্ষ থেকে অফিশিয়াল কোনো ঘোষণা আসেনি।
এলপিএলের এবারের আসরের জন্য পাকিস্তান থেকে ১০২ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ জন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ থেকে নিবন্ধন করেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে ৬৬ জন, নিউজিল্যান্ড থেকে ৪১ জন, অস্ট্রেলিয়া থেকে ২৪ জন, ইংল্যান্ড থেকে ১৫ জন এবং ভারতের ১২ জন ক্রিকেটার আসন্ন ড্রাফটে নাম দিয়েছেন।
আইসিসির পূর্ণ সদস্য দেশের বাইরেও সহযোগী দেশের ক্রিকেটাররা ড্রাফটে নিবন্ধন করেছেন। যার মধ্যে রয়েছে আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের মতো দেশের ক্রিকেটার। তবে ড্রাফটে নাম দেওয়া এই ক্রিকেটারদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ড্রাফটের চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন ৩১০ জন ক্রিকেটার।
আগামী ১৭ জুলাই এলপিলের ষষ্ঠ আসরের পর্দা উঠবে। এরপর ৮ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
ক্রিফোস্পোর্টস/২৩মে২৬/বিটি





















