বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয় আবারও দারুণ এক ঝোড়ো ইনিংস খেললেন শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতায়। কলম্বোর বিপক্ষে জাফনা কিংসের হয়ে শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ৮ বলে অপরাজিত ৩১ রান করেন তিনি। চারটি ছক্কা ও একটি চারে সাজানো তার ইনিংসের স্ট্রাইকহার ছিল প্রায় ৩৮৮। হৃদয়ের এই বিধ্বংসী ব্যাটিংয়ে দুইশ রানের সংগ্রহ গড়ে ১৯ রানের জয় পেয়েছে জাফনা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জাফনা। উদ্বোধনী ব্যাটার আভিষ্কা ফার্নান্দো মাত্র ২ রান করে ফিরে যান। এরপর কামিল মিশারা ও ইব্রাহিম জাদরান মিলে দলকে এগিয়ে নেন। মিশারা ১৯ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেললেও পরে রানের গতি কিছুটা কমে যায়। জাদরান অবশ্য এক প্রান্ত আগলে রেখে ৬৫ বলে ৯৫ রানের অসাধারণ ইনিংস খেলেন। কিন্তু শেষ দিকে দ্রুত রান তোলার প্রয়োজন ছিল দলের।
এই অবস্থায় ব্যাট হাতে নামেন হৃদয়। প্রথম বলেই এক রান নিয়ে শুরু করেন তিনি। এরপর শেষ ওভারে দেখান নিজের আসল রূপ। প্রথম তিন বলে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষের বোলারকে চাপে ফেলে দেন। এরপর একটি বলে দুই রান নেওয়ার পর আরও একটি ছক্কা ও শেষ বলে চার মেরে ইনিংস শেষ করেন। মাত্র ৮ বলেই ৩১ রান করে অপরাজিত থাকেন হৃদয়। তার ঝোড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ২০২ রান সংগ্রহ করে জাফনা।
জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে কলম্বো। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি বড় কোনো জুটি গড়তে পারেনি। সাদিরা সামারাবিক্রমা সর্বোচ্চ ৪৪ রান করলেও অন্য ব্যাটাররা তাকে ভালোভাবে সঙ্গ দিতে পারেননি। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৮৩ রান তুলতে সক্ষম হয় কলম্বো।
জাফনার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন দিলশান মাদুশঙ্কা। তিনি ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। বাংলাদেশের সাকিব আল হাসান উইকেট না পেলেও ৩ ওভারে ২৭ রান দেন এবং প্রতিপক্ষের রান তোলার গতি নিয়ন্ত্রণে রাখেন।
এই জয়ে জাফনা কিংস গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট অর্জন করেছে। একই সঙ্গে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। আর টানা দ্বিতীয় ম্যাচেই কার্যকর ব্যাটিং করে নিজের দারুণ ছন্দের প্রমাণ দিলেন তাওহীদ হৃদয়। তার ছোট কিন্তু বিস্ফোরক ইনিংসই শেষ পর্যন্ত জাফনার বড় সংগ্রহ গড়ে জয় নিশ্চিত করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে।
ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৬/টিএ



