Connect with us
ক্রিকেট

এলপিএল ড্রাফটে ৩০ বাংলাদেশি, কে কোন ক্যাটাগরিতে আছেন

lpl
এলপিএলে দল পাওয়ার অপেক্ষায় ৩০ বাংলাদেশি ক্রিকেটার। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতা লঙ্কা প্রিমিয়ার লিগের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে আজ (১ জুন)। এবারের বাছাইয়ে বাংলাদেশের ৩০ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। বিভিন্ন মূল্যমানের তিনটি ক্যাটাগরিতে তাদের রাখা হয়েছে।

সবচেয়ে বেশি মূল্যমানের প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শরিফুল ইসলাম। এই ক্যাটাগরির মূল্য ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ ৫০ হাজার টাকা। শরিফুলের সঙ্গে একই তালিকায় রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রহমান, সিকান্দার রাজা, তাবরাইজ শামসি, হাসান আলী, ইমাদ ওয়াসিম, কাইল জেমিসন, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ ও অ্যাশটন অ্যাগারের মতো ক্রিকেটাররা।

৩০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩৭ লাখ টাকা মূল্যমানের গোল্ড ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ সাইফউদ্দিন। এই ক্যাটাগরিতে আরও আছেন টেম্বা বাভুমা, পল স্টার্লিং, জশ লিটল, মোহাম্মদ হারিস, সন্দীপ লামিচানে ও করিম জানাতের মতো বিদেশি ক্রিকেটার।



২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ক্লাসিক ক্যাটাগরিতে রাখা হয়েছে বাংলাদেশের ১৯ জন ক্রিকেটারকে। এই তালিকায় আছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, হাসান মাহমুদ, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির আলী, তানভীর ইসলাম, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, রিপন মণ্ডল, আফিফ হোসেন, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহিদুল ইসলাম।

দুপুর ২টায় শুরু হবে এবারের খেলোয়াড় বাছাই। মোট ৪২১ জন ক্রিকেটারের নাম রয়েছে চূড়ান্ত তালিকায়। এর মধ্যে ১৭৯ জন শ্রীলঙ্কার এবং ২৪২ জন বিদেশি ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের তালিকায় বাংলাদেশ থেকেই আছেন ৩০ জন।

শুরুতে বাংলাদেশ থেকে ৪৮ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। পরে যাচাই-বাছাই শেষে ৩০ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। ফলে এবারের আসরেও একাধিক বাংলাদেশি ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে খেলোয়াড় বাছাইয়ের আগেই তিন বাংলাদেশি ক্রিকেটারের দল নিশ্চিত হয়েছে। জাফনা কিংস দলে নিয়েছে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে। আর গল গ্ল্যাডিয়েটর্স দলে ভিড়িয়েছে লিটন দাসকে। এখন বাকি বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণ হবে আজকের বাছাইয়ে।

ক্রিফোস্পোর্টস/১জুন২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট