
এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। এই দুই ম্যাচকে সামনে রেখে ২৮ ফুটবলারের ক্যাম্প দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আগামীকাল থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। প্রথম ধাপে ঢাকায় অনুশীলন করবে দল। এরপর ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে ফুটবলাররা।
এই দলে জায়গা পেয়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। সুস্থ হয়ে ফের জাতীয় দলে ফিরলেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। দেশের জার্সিতে তার শেষ ম্যাচ ছিল ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর, ভুটানের বিপক্ষে।
নতুন মুখ হিসেবে ক্যাম্প দলে আছেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক আকন্দ। অন্যদিকে এবার দলে রাখা হয়নি ইংল্যান্ডে বেড়ে ওঠা মিডফিল্ডার কিউবা মিচেলকে। গত নভেম্বরে নেপালের বিপক্ষে জাতীয় দলে প্রথম খেলেছিলেন তিনি।
এই দলে নেই হামজা চৌধুরীও। ফেডারেশন জানিয়েছে, প্রস্তুতির প্রথম ধাপে তিনি থাকবেন না। সে কারণেই ক্যাম্প দলে রাখা হয়নি। তবে ২০ মার্চ দল ভিয়েতনামে পৌঁছালে সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে দলটি। এর মধ্যে একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, সেটি গত নভেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে। অন্য চার ম্যাচের মধ্যে দুটি ড্র হয়েছে এবং দুটি ম্যাচে হেরেছে দল।
সব মিলিয়ে পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ পাঁচ পয়েন্ট।
ক্যাম্পের ২৮ জনের দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, ইসহাক আকন্দ
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান, ইসা ফয়সাল
মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম
ফরোয়ার্ড: আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।
ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৬/টিএ
























