
ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে জায়গা পেয়েছেন বিশ্বনাথ ঘোষ, ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম।
শুক্রবার রাতে ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়বে জাতীয় ফুটবল দল। সেখানে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দলটি। এরপর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।
দলে ফেরা চার ফুটবলারের মধ্যে বিশ্বনাথ ঘোষের প্রত্যাবর্তনটি সবচেয়ে নজরকাড়া। প্রায় দেড় বছর পর চোট কাটিয়ে আবার জাতীয় দলে ফিরলেন এই ডিফেন্ডার। সবশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দেশের জার্সিতে খেলেছিলেন তিনি।
ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলামও আগের ম্যাচে দলে ছিলেন না। মিরাজুলের জাতীয় দলে অভিষেক হয়েছিল ২০২৪ সালে ভুটানের বিপক্ষে, সেটিই এখন পর্যন্ত তাঁর শেষ ম্যাচ। আরমান ফয়সাল সবশেষ খেলেছেন গত বছর এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে। সেই ম্যাচে ফাহমিদুল ইসলামও দলে ছিলেন, তবে কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারেননি।
এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সুযোগ আগেই হারিয়েছে বাংলাদেশ। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় পেয়েছে দলটি, যা এসেছে ভারতের বিপক্ষে। বাকি ম্যাচগুলোতে দুই হার ও দুই ড্র নিয়ে মোট পয়েন্ট পাঁচ।
বাংলাদেশ দল:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান
রক্ষণভাগ: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন
মাঝমাঠ: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী
আক্রমণভাগ : আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম
ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৬/টিএ






















