Connect with us
ফুটবল

এক হলুদ কার্ডেই নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকাসহ ১৮ ফুটবলার

আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। একদিন বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। তবে মাঠে নামার আগে আট দলের অন্তত ১৮ ফুটবলার রয়েছেন বিশেষ সতর্কতায়। কারণ, এই ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখলে দল সেমিফাইনালে উঠলেও তারা পরের ম্যাচে খেলতে পারবেন না।

এই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, মরক্কো, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও নরওয়ের ফুটবলাররা। সবচেয়ে বেশি চিন্তায় ইংল্যান্ড ও মরক্কো। দুটি দলেরই চারজন করে খেলোয়াড় ইতোমধ্যে একটি করে হলুদ কার্ড দেখেছেন। ফ্রান্স ও সুইজারল্যান্ডের তিনজন করে, আর আর্জেন্টিনা, স্পেন, বেলজিয়াম ও নরওয়ের একজন করে খেলোয়াড় একই ঝুঁকিতে আছেন।

বিশ্বকাপে এবার হলুদ কার্ডের নিয়মে পরিবর্তন এনেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড নকআউট পর্ব শুরুর আগে বাতিল হয়ে গেছে। এরপর শেষ ৩২ ও শেষ ষোলোর মধ্যে কেউ দুটি ভিন্ন ম্যাচে হলুদ কার্ড পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার নিয়ম কার্যকর হয়েছে।



তাই কোয়ার্টার ফাইনালে যারা একটি হলুদ কার্ড নিয়ে মাঠে নামবেন, তারা আবার সতর্কবার্তা পেলে সেমিফাইনালে খেলতে পারবেন না। তবে কোয়ার্টার ফাইনাল শেষে হলুদ কার্ডের হিসাব আবার নতুন করে শুরু হবে। ফলে হলুদ কার্ডের কারণে কেউ ফাইনাল মিস করবেন না। তবে সেমিফাইনালে লাল কার্ড দেখলে ফাইনালে খেলার সুযোগ থাকবে না।

নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা খেলোয়াড়দের মধ্যে আছেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, ডেক্লান রাইস ও মার্ক গেয়ি, মরক্কোর আশরাফ হাকিমি, ফ্রান্সের মানু কোনে, সুইজারল্যান্ডের গ্রানিত জাকা, আর্জেন্টিনার গঞ্জালো মন্টিয়েল, স্পেনের ফেররান তোরেস, বেলজিয়ামের ব্র্যান্ডন মেচেলে এবং নরওয়ের আন্তোনিও নুসাসহ মোট ১৮ জন ফুটবলার।

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল