Connect with us
ক্রিকেট

বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ২১৮ জনের ১৭৯ জনই ফেল

বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় অধিকাংশই ফেল, ফের বিজ্ঞপ্তি প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা পর্যায়ের কোচ নিয়োগ পরীক্ষায় আশানুরূপ ফল পাওয়া যায়নি। ৬১টি পদের জন্য ২১৮ জন আবেদন করলেও লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার পর প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩৯ জন। ফলে অধিকাংশ পদেই এখনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।

গত ২৩ ও ২৪ জুলাই দুই দিন ধরে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন নেওয়া হয় লিখিত পরীক্ষা, আর পরের দিন হয় ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী প্রয়োজনীয় মান অর্জন করতে ব্যর্থ হন। বিশেষ করে ব্যবহারিক পরীক্ষাতেই অনেকেই বাদ পড়ে যান।

এ অবস্থায় শূন্য পদ পূরণ করতে নতুন করে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগ্রহীদের আগামী ৩০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। বোর্ডের আশা, নতুন আবেদনকারীদের মধ্য থেকে প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন কোচ পাওয়া যাবে।



এদিকে প্রাথমিকভাবে উত্তীর্ণ হওয়া ৩৯ জনের সবার চাকরিও এখনো নিশ্চিত হয়নি। তাদের শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় শর্ত যাচাই করা হচ্ছে। যাচাই শেষে যোগ্য বিবেচিতদেরই চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

জেলা পর্যায়ে দক্ষ কোচ নিয়োগকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই প্রয়োজনীয় মান নিশ্চিত করেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় সংস্থাটি।

ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট